শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্যাংক-বীমা » খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্যাংক-বীমা » খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর
৩৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর

বিশেষ প্রতিনিধি:

---

চট্টগ্রামে খেলাপি ঋণের কারণে নির্বাচনের ফল স্থগিত থাকা দুই বিএনপি নেতা শপথ নিতে না পারলেও নির্বাচনী এলাকায় সংসদ সদস্যের (এমপি) মতো কার্যক্রম চালাচ্ছেন। এমপি না হয়েও সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে থাকা বিএনপির নেতাকর্মীরা জানান, বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং সরকারি উন্নয়ন ও সহায়তা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সরোয়ার আলমগীর উপস্থিত ছিলেন। কিছু অনুষ্ঠানে তারা প্রধান অতিথি ছিলেন। তবে ব্যানারে তাদের নাম ছিল না। বক্তৃতার সময় তাদের এমপি হিসেবে সম্বোধন করা হয়।

এদিকে, ফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীরের পৃথক আবেদনের ওপর আজ বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ গতকাল বুধবার এই তারিখ ধার্য করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীরের বিরুদ্ধে রিট আবেদন করা হয়। পরে আপিল বিভাগ আসলাম চৌধুরীকে চট্টগ্রাম-৪ ও সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেন। তবে আদালত আদেশ দিয়েছিলেন, নির্বাচন করতে পারলেও তারা ঋণখেলাপি নন– প্রমাণ না হওয়া পর্যন্ত ভোটের ফল প্রকাশ করা

যাবে না।

ফল প্রকাশ না করায় এ দুই বিএনপি নেতা এখনও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি। নির্বাচন কমিশনের স্থগিত ফল অনুযায়ী, চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীর এক লাখ ৩৯ হাজার ৮৩১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নুরুল আমিন পান ৬৫ হাজার ৫৫০ ভোট। চট্টগ্রাম-৪ আসনে বিএনপির আসলাম চৌধুরী এক লাখ ৪৩ হাজার ৫৫২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ার সিদ্দিক পান ৯১ হাজার ৪০৪ ভোট।

এর আগে ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোলা-১ এবং ভোলা-২ আসনে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। তিনি ভোলা-১ আসন ছাড়লেও আদালতের স্থগিতাদেশে উপনির্বাচন না হওয়ায় পুরো পাঁচ বছর শূন্য থাকে।

খেলাপি হয়েও প্রার্থী

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসলাম চৌধুরী এবং সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। সরোয়ার আলমগীরের প্রার্থিতার বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন এতে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করে।

পাঁচটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরোয়ার আলমগীরের ২১৪ কোটি টাকা ঋণ রয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংকে তাঁর মালিকানাধীন ‘এনএফজেড টেরি টেক্সটাইল’-এর ২০১ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে বলে জামায়াত প্রার্থীর আপিলে বলা হয়েছিল। তবে এর বিরুদ্ধে হাইকোর্টের স্থগিতাদেশ পান সরোয়ার আলমগীর। পরে হাইকোর্ট তাঁর প্রার্থিতা বহাল করলে জামায়াত প্রার্থী আপিল বিভাগে যান। সর্বোচ্চ আদালত লিভ টু আপিল মঞ্জুর করলেও সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন।

আসলাম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের অর্থঋণ মামলা রয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্টের স্থগিতাদেশের কারণে। এতে ব্যাংকগুলো নির্বাচন কমিশনে আপিল করে। টাকা ফেরত দেওয়ার শর্তে কমিশন তাঁর প্রার্থিতা বহাল করে। হাইকোর্টও একই আদেশ দেন। এর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল সর্বোচ্চ আদালত মঞ্জুর করলেও আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন।

শপথ না নিয়েই এমপির ভূমিকায়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের নামের গেজেট প্রকাশিত হয় গত ১৪ ফেব্রুয়ারি। আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীরের নামে গেজেট জারি হয়নি। ফলে তারা তিন মাসেও শপথ নিতে পারেননি।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির দলীয় নেতাকর্মীরা জানান, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল পহেলা বৈশাখসহ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসলাম চৌধুরী। অনুষ্ঠানে তাঁকে সংসদ সদস্য হিসেবে পরিচয়ও করিয়ে দেওয়া হয়। ১৭ এপ্রিল উপজেলার মহালঙ্কা এলাকায় জিন্নাত আলী চৌধুরী নুরানি মাদ্রাসায় নবনির্মিত মসজিদ ভবন উদ্বোধন করেন আসলাম চৌধুরী।

এর উদ্বোধন ফলকে লেখা ছিল, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী’। এ ছাড়া গত তিন মাসে উপজেলা পরিষদের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ডা. কমল কদর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরছালীন। আলোচনা-সমালোচনার মুখে তারা সামাজিক মাধ্যম থেকে এসব ছবি সরিয়ে ফেলেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ত্রাণ সহায়তার (টিআর) ৩০ লাখ টাকা বরাদ্দ এসেছে। একই দিন কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচিতে ২৫ লাখ টাকা এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির জন্য ২০ টন চাল ও ২০ টন গম বরাদ্দ এসেছে। এগুলো এখনও বিতরণ করা হয়নি। গত রোজার ঈদের আগে আসা ভিজিএফের ১০ লাখ টাকা উপজেলা বিএনপির নেতাদের সমন্বয়ে বণ্টন করা হয়।

জানতে চাইলে কমল কদর পক্ষকালকে বলেন, গত তিন মাস সরকারি বিভিন্ন প্রকল্প দেখাশোনা করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরছালীন।

মোহাম্মদ মোরছালীন বলেন, ‘এখনও এমপির বরাদ্দ আসেনি। বিভিন্ন প্রকল্প তদারকি করছি, যাতে কোনো অনিয়ম না হয়। এমপির নির্দেশে করছি।’

আসলাম চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করেও সংযোগ বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, বিশেষ বরাদ্দগুলো এখনও বণ্টন হয়নি। এমপির নামফলকে প্রকল্প উদ্বোধনের সুযোগ নেই। দলীয় লোক যদি ছবি প্রচার করে, তা তাদের ব্যাপার।

সরকারি কর্মকর্তারাও ‘এমপি’ মানছেন

২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপজেলা পরিষদের পক্ষে ‘সংসদ সদস্য’ হিসেবে সরোয়ার আলমগীরকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। অন্য সরকারি কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। সেদিন সরোয়ার আলমগীর সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথির চেয়ারেও বসেন।

পহেলা বৈশাখে উপজেলা প্রশাসনের শোভাযাত্রা ‘সংসদ সদস্য’ পরিচয়ে ফিতা কেটে উদ্বোধন করেন সরোয়ার আলমগীর। ২৫ এপ্রিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি পুনর্বাসন কর্মসূচির খরিপ-১ মৌসুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ অনুষ্ঠানও উদ্বোধন করেন তিনি। একই দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলমসহ অন্য কর্মকর্তারা সরোয়ার আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে ২১ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা তাঁকে নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যান।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘সরওয়ার আলমগীর উপস্থিত থাকলেও প্রধান অতিথি ছিলেন না। বিএনপির একজন নেতা হিসেবে থাকতেই পারেন।’

কিছু অনুষ্ঠানে সরোয়ার আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার তথ্য জানানোর পর ইউএনও বলেন, ‘যদি হয়ে থাকে সেটি ভুল। আমার জানামতে, সংসদ সদস্য হিসেবে উনাকে কোথাও রাখা হয়নি।’

জানতে চাইলে সরোয়ার আলমগীর বলেন, ‘আমি জনগণের ভোটে নির্বাচিত এমপি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিজয় ঠেকাতে সব রকম প্রচেষ্টা চালিয়েছেন। আদালতে মামলাও করেছেন। যেহেতু আমি বেসরকারিভাবে নির্বাচিত এমপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোনীত প্রার্থী; সুতরাং আমি সব কাজ করতেই পারি। মামলার বিষয়টি আদালত ফয়সালা করবেন।’

শপথের বিষয়ে সিদ্ধান্ত আজ

ঋণখেলাপির অভিযোগে মামলার নিষ্পত্তি হওয়ার আগেই আসলাম চৌধুরী এবং সরোয়ার আলমগীর ফলাফল গেজেট আকারে প্রকাশ এবং শপথ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন। আসলাম চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান সমকালকে জানান, লিভ টু আপিলের অনুমতি দেওয়ার সময় আদালতে অন্তর্বর্তী আদেশ ছিল– যতক্ষণ পর্যন্ত আপিল শুনানি নিষ্পত্তি না হবে, ততদিন ফল প্রকাশ হবে না। সংশোধনী আবেদনে বলা হয়েছে, এই আদেশের কারণে নির্বাচিত হওয়ার পরও আসলাম চৌধুরী সংসদীয় এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে পারছেন না। আপিল শুনানি যদি বিলম্বিত হয়, তাহলে তিনি যেন শপথ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন। এর ওপর গতকাল বুধবার শুনানি হয়েছে। আজ বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে।

জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মোহাম্মদ মনির সাংবাদিকদের বলেন, ‘আংশিক শুনানি হয়েছে। শুনানিতে বলেছি, মূল আপিলের নিষ্পত্তি না করে এ ধরনের আবেদন গ্রহণ করা হলে মূল আপিলের প্রয়োজনীয়তা থাকবে না।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত অধিদপ্তরে জালিয়াতি ও বদলি বাণিজ্য সিন্ডিকেট’র গডফাদার খালেকুজ্জামান কি আইনের উর্ধ্বে
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি  দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত! বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত!
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে
এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান
রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই  ওসিসহ ৬ পুলিশ আহত ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ  গ্রেফতার-১২ রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই ওসিসহ ৬ পুলিশ আহত ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ গ্রেফতার-১২

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)